সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৩:১৩ পিএম
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি

সিলেটে নানা আয়োজনে বরণ করে নেওয়া হবে বাংলা নতুন বছর। মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠবে পুরো নগরী। সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে দিনব্যাপী থাকছে বর্ণাঢ্য আয়োজন। ইতোমধ্যে এসব আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবছরের মতো এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমসি কলেজ ক্যাম্পাসে বর্ষবরণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে তারুণ্যের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দলোক, সিলেট’। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে দুপুর ২টা পর্যন্ত। এ আয়োজনে থাকবে গান, নৃত্য, আবৃত্তি ও বৈশাখী পরিবেশনা। এদিকে সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি, সিলেট’ দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। নগরের ব্লু বার্ড স্কুল মাঠে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ আয়োজন। এখানে থাকবে নানা সাংস্কৃতিক পরিবেশনা, লোকসংগীত এবং বৈশাখী উৎসবের নানা আয়োজন।

নগরের চৌহাট্টা এলাকার লোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে ‘চারণ, সিলেট’। সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই দিনব্যাপী উৎসব। এতে অংশ নেবেন স্থানীয় শিল্পীরা এবং পরিবেশিত হবে দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান। অন্যদিকে সিলেট আর্টস কলেজ, সিলেট আর্ট অটিস্টিক স্কুল ও সিলেট আর্ট স্কুলের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ১০টায় নগরের কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজ ক্যাম্পাস থেকে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। এরপর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি থাকবে বৈশাখী চিত্র প্রদর্শনী। এদিকে বাংলা বছরের শেষ দিন সোমবার বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। নগরের চাঁদনী ঘাটের সিঁড়িতে বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে এ আয়োজন। সব মিলিয়ে পহেলা বৈশাখকে ঘিরে সিলেটে তৈরি হয়েছে উৎসবের আমেজ। নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত নগরবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে