দেশে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ক্রমেই বাড়ছে। এমনিতেই মূল্যস্ফীতির চাপে দেশের সাধারণ মানুষ দিশেহারা। নিম্ন ও মধ্যবিত্তরা সংসার চালাতে ধারদেনা করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বেশির ভাগ পণ্যের দাম বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের সংকটে পরিবহন ভাড়া বেড়েছে। পণ্যের সরবরাহ কমেছে। ক্রেতাদের অভিযোগ- দাম আরও বাড়তে পারে কিংবা সংকট দেখা দিতে পারে, এমন ভীতি থেকে তারা প্রয়োজনের চেয়ে বেশি কিনছেন। একশ্রেণির ব্যবসায়ী এ সুযোগ কাজে লাগিয়ে দাম আরও বাড়িয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাজারে প্রায় সবকিছুর দাম বেড়েছে। দাম যতটা বাড়ার কথা, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট তার চেয়েও বাড়িয়ে বিক্রি করছে। কোনো কোনো ক্ষেত্রে সাধারণ মানুষ প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে মজুত করছে। এতে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় পণ্য আটকে রেখে সংকট তৈরি করছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে মুরগি, মাছ ও সবজি—অনেক পণ্যের দাম বেড়েছে। খুচরা বিক্রেতাদের ভাষ্য, সরবরাহুসংকটের কারণ দেখিয়ে গত এক-দুই মাসে ধাপে ধাপে এসব পণ্যের দাম বাড়িয়েছেন সরবরাহ শৃঙ্খলে যুক্ত ব্যবসায়ীরা। সরকারের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত আশ্বাসের বাণী শোনানো হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন মিলছে না। সাধারণ মানুষের মাংসের চাহিদা মেটানোর প্রধান উৎস সোনালি ও ব্রয়লার মুরগি এখন আক্ষরিক অর্থেই ‘বিলাসিতা’। মাত্র এক মাসের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে ১০০ টাকার বেশি বেড়ে গেলেও এখন কিছুটা কমেছে। ডিমের দামও ডজনে বেড়েছে। খামারিদের লোকসান বা বাচ্চার দাম বাড়ার যে অজুহাত ব্যবসায়ীরা দিচ্ছেন, তা কতটা যৌক্তিক আর কতটা কারসাজি, তা খতিয়ে দেখার প্রয়োজন আছে। সবজির বাজারও চড়া। গ্রীষ্মকালীন সবজির আগমনের শুরুতে প্রতিটি সবজির কেজি এখন ৮০ থেকে ১০০ টাকার ওপর। এমন দামে সবজি কিনে খাওয়া সাধারণ মানুষের জন্য অসম্ভব হয়ে পড়েছে। শীতকালীন সবজির বিদায়বেলায় যে শূন্যতা তৈরি হয়েছে, তার সুযোগ নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। দেশে নিত্যপণ্যের বাজার অস্থির করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তারা কৃত্রিমসংকট সৃষ্টি করে বাজারব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে। যে কারণে বাজারে বিভিন্ন সময়ে শৃঙ্খলা ভেঙে পড়ছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরবরাহব্যবস্থায় নজরদারি বাড়িয়ে শৃঙ্খলা আনতে হবে। যাঁরা অনিয়ম করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর হতে হবে।