গাইবান্ধার সুন্দরগঞ্জে সবজি চাষের আড়ালে অভিনব কায়দায় গাঁজা চাষের অভিযোগ উঠেছে মো. আয়নাল হক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি বড় গাঁজার গাছ উদ্ধার করেছে। মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত আয়নাল হক ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, আয়নাল হক দীর্ঘদিন ধরে নিজের বাড়ির পেছনের সবজি বাগানে নিষিদ্ধ এই মাদক চাষ করে আসছিলেন। স্থানীয়দের সন্দেহ এড়াতে এবং বিষয়টি গোপন রাখতে তিনি বাগানের চারপাশ জাল (নেট) দিয়ে ঘিরে রাখতেন। এমনকি সাধারণ সবজি গাছের সঙ্গে সামঞ্জস্য রাখতে তিনি নিয়মিত গাঁজা গাছের মাথা ছেঁটে দিতেন যাতে বাইরে থেকে কেউ গাছটি চিনতে না পারে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল জামাল গ্রামে আয়নালের বাড়িতে অভিযান চালায়। এসময় বাগান থেকে প্রায় ৪ ফুট উচ্চতার একটি সতেজ গাঁজার গাছ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়নাল হক আগেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- "পুলিশের চোখ ফাঁকি দিতে সবজির আড়ালে কৌশলে গাঁজা চাষ করা হচ্ছিল। আমরা একটি গাছ উদ্ধার করেছি। অভিযুক্ত বর্তমানে পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।