বরিশালে ঝড়ে ঘরের ওপর গাছ পরে গৃহবধুর মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ১০:০৭ পিএম
বরিশালে ঝড়ে ঘরের ওপর গাছ পরে গৃহবধুর মৃত্যু

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ইয়াসমিন বেগম (৩৩) নামের এক গৃহবধুর মৃত্যু ও তার সাত বছর বয়সের ছেলে জিসান গুরুত্বর আহত হয়েছে। শনিবার (২ মে) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

জানা গেছে,শনিবার দুপুরে কালবৈশাখী ঝড়ে ওই গ্রামের  রং মিস্ত্রি সোহেলের টিন-কাঠের ঘরের ওপর বৃহৎ আকারের একটি চাম্বুল গাছ ভেঙ্গে পরে। এতে বিধ্বস্ত ঘরের নিচে চাঁপা পরে তার স্ত্রী ইয়াসমিন বেগমের মৃত্যু হয় এবং ৭ বছরের ছেলে জিসান গুরুত্বর আহত হয়।  আশংকাজনক অবস্থায় শিশু জিসানকে উদ্ধার করে  বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিক খাদ্য সামগ্রী ও মৃত গৃহবধূর দাফন কাফনের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তা করা হবে। এদিকে আকস্মিক এ কালবৈশাখী ঝড়ে চাখারসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন  গাছপালা, পানেরবরজ, পেঁপে বাগান ও কাঁচাঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।