বরিশালের মুলাদীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় মিন্টু কাজী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে বুধবার সকালে কারাগারে পাঠানো হয়। মিন্টু কাজী উপজেলার চরকালেখান ইউনিয়নের শাহজাহান কাজীর ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চরকালেখান গ্রামের এক গৃহবধূ (২৪) বাদী হয়ে মিন্টু কাজীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা করেন। রোববার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের একটি গ্রামে ধর্ষণচেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
থানা পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী ঢাকায় চাকুরি করেন। তিনি শিশু কন্যা ও শ্বশুরকে নিয়ে বাড়িতে বসবাস করেন। মিন্টু কাজী প্রায়ই কুপ্রস্তাব দিয়ে ওই গৃহবধুকে উত্যাক্ত করতেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে মিন্টু কাজী ওই গৃহবধূর শ্বশুরকে খুঁজতে তাদের বাড়িতে যান। গৃহবধূর শ্বশুর বাড়িতে না থাকায় মিন্টু কাজী তাকে ঝাপটে ধরে ঘর থেকে উঠোনের পাশে নিয়ে জোড়পূর্বক ধর্ষণচেষ্টা করেন। ওই সময় গৃহবধূর ডাকচিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন আসলে মিন্টু কাজী পালিয়ে যান। পরে ওই গৃহবধূ মঙ্গলবার রাতে মিন্টু কাজীকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন। মামলার পর পর পুলিশ চরকালেখান এলাকা থেকে মিন্টু কাজীকে গ্রেপ্তার করেন।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।