লালমনিরহাটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) :
| আপডেট: ৭ মে, ২০২৬, ০৭:২০ পিএম | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৭:১৯ পিএম
লালমনিরহাটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

"সবার সাথে মানবতায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বৃহস্পতিবার (৭ মে) সকালে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ থেকে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় রেড ক্রিসেন্টের কয়েকশ স্বেচ্ছাসেবী ও আজীবন সদস্য অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রাজিব আহসান বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যেকোনো মানবিক সংকটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় সম্মুখসারিতে থেকে কাজ করে আসছেন। আর্তমানবতার সেবায় এই সংগঠনের কর্মীদের নিঃস্বার্থ ত্যাগ জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচিতে রেড ক্রিসেন্টের বিশেষ অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, জরুরি মুহূর্তে রক্তের অভাব পূরণে এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আসাদুজ্জামান সহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত স্বেচ্ছাসেবকরা আর্তপীড়িত মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করার শপথ গ্রহণ করেন। বক্তারা আগামী দিনেও যেকোনো দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে