দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ শুক্রবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। মাস দুয়েক আগে টি-টোয়েন্টি সিরিজ হেরে নিজ দেশে ফিরেছিল পাকিস্তানিরা। এবার লাল বলের সিরিজ হওয়ায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসি পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সংবাদ সম্মেলনে শান মাসুদ বলেন, ‘বাংলাদেশের পেস অ্যাটাক মুগ্ধকর। তারা রাওয়ালপিন্ডিতে সিরিজ জিতেছিল। বাংলাদেশের বাঁহাতি, ডানহাতি পেসার আছে। তাদের দারুণ স্কিল আছে। আমাদের জন্য এটা বড় সুযোগ। একটা ভালো অ্যাটাকের বিরুদ্ধে খেলে রান করতে চাইৃ এটা সম্ভবত আমার দেখা বাংলাদেশের সেরা পেস অ্যাটাক।’ বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে পেসে? এমন প্রশ্নে মাসুদ বলেন, ‘আমরা তুলনায় যেতে চাই না। ওদেরও কোয়ালিটি আছে, আমাদেরও কোয়ালিটি আছে। কন্ডিশন কেমন হবে তা অনুমিত। পাকিস্তানেও এমন কন্ডিশনই থাকে।’ দীর্ঘদিন পর টেস্ট খেলবে পাকিস্তান। তাদের পেসাররা কি প্রস্তুত? জবাবে মাসুদ বলেন, ‘আমরা এতে অভ্যস্ত। দুই দলই অনেকদিন পর খেলবে। এটাই মডার্ন ডে ক্রিকেট। দুই দলই অবশ্য আরও ম্যাচ খেলতে চায়। আশা করি ভবিষ্যতে তা হবে। মডার্ন ডে ক্রিকেট এমনই আজ এক ফরম্যাট তো কালই আরেক ফরম্যাটে খেলতে হবে। আমাদের মানিয়ে নিতে হবে।’ মিরপুরের উইকেট নিয়ে মাসুদ বলেন, ‘পিচে ঘাস আছে মনে হচ্ছে। সকালে দেখে বুঝা যাবে। গত দুই-আড়াই বছরে আমরা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকায়ও খেলেছি। বাংলাদেশ ও পাকিস্তানে উইকেট প্রায় একইরকম হয়। আমাদের স্কোয়াড এমন যে পেস হোক বা স্পিন বান্ধব আমরা প্রস্তুত আছি। কন্ডিশন অবশ্য আশানুরূপ পেয়েছি।’