রংপুরে ইয়াতিম শিশুদের মাঝে খাবার, শিক্ষা ফি, এবং শিক্ষা ও খেলাধুলাসামগ্রী বিতরণ করেছে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার ( ৭ মে) সকালে নগরীর তাজহাট এলাকায় সংগঠনটির অফিসে এসব সামগ্রী বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। এসময় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ -এর প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ শাহিন, অফিসার সাজিদ আল-আহাদ, রংপুরের বিভাগীয় কো-অর্ডিনেটর শামীম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় এসময় ৪৪ জন ইয়াতিম শিশুকে চাল ডাল, তেল সাবানসহ তিনমাসের ফুড প্যাকেজ, খাতা কলমসহ শিক্ষা সামগ্রী, ছেলেদের জন্য ক্রিকেট ও মেয়েদের জন্য ব্যাডমিন্টন খেলাধুলার সামগ্রী এবং প্রত্যেককে ৩ হাজার ৫০০ করে টাকা টিউশন ফি দেয়া হয়। এসময় এতিম শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ কুমার রায় বলেন, ‘ ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর এই আয়োজন এতিম শিশুদের জীবনে অপরিহার্য ভূমিকা রাখছে বলে মনে করি। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ এতিম বাচ্চা ও তার পরিবারের আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি সামাজিক বৈষম্য দূর করা সম্ভব হবে।’ ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এই শিশুরা বছরে চারবার খাদ্য সামগ্রী, সারা বছরের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফি, শিক্ষা সফর, হাইজিন প্যাক এবং দুইবার নতুন পোশাক পেয়ে থাকে। এই কার্যক্রমের আওতায় দাতা সংস্থা মা ইন্টারন্যাশনাল এর সহায়তায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সারা দেশে প্রায় ৪০০ এতিম শিশুকে সহায়তা প্রদান করে আসছে বলে জানায় সংশ্লিষ্টরা।