পাবনার চাটমোহরে চুরির অভিযোগে প্রতিবেশির মারধরের পর এক মাদ্রাসাছাত্রী লজ্জায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে। নিহত মাদ্রাসাছাত্রী হলো চিনাভাতকুর গ্রামের আলতাব হোসেন মোল্লার মেয়ে ও চিনাভাতকুর ওয়ারেছিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী শ্রাবন্তি খাতুন ওরফে বিরতি (১৩)। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। আজ শনিবার ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে নিহতের পিতা থানায় শুক্রবার রাত ৮টার দিকে ৪ জনকে বিবাদী করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
থানা পুলিশ ও নিহত মাদ্রাসারছাত্রীর পরিবারের সদস্যরা জানান,মাদ্রাসাছাত্রী শ্রাবন্তি শুক্রবার বিকেলে প্রতিবেশি আঃ হান্নানের বাড়িতে যায়। এক পর্যায়ে তাকে আঃ হান্নান ও তার পরিবারের সদস্যরা টাকা চুরির অভিযোগ তুলে তাকে মারধর করে বেঁধে রাখে। মেয়েটির চিৎকারে তার মা গিয়ে তাকে বাড়ি নিয়ে আসে। আঃ হান্নান গং শ্রাবন্তির মাকেও গালমন্দ করে মেয়েকে শাসন করতে বলে। শ্রাবন্তিকে বাড়িতে রেখে তার মা কাজের জন্য বাইরে গেলে চুরির মিথ্যে অপবাদে লজ্জায় সে নিজ শোবার ঘরের ডাবের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। শ্রাবন্তির মাসহ অন্যরা এসে তার ঝুলন্ত লাশ নিচে নামায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার জানান,চুরির অপবাদে মেয়েটিকে মারপিট করে বেঁধে রাখা হয়। ওর মা বাড়িতে নিয়ে আসে। এরপরই নাকি নিজ ঘরে গলায় ফাঁস নেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মাদ্রাসাছাত্রী শ্রাবন্তির পিতা আলতাব হোসেন ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।