বিশ্বকাপে আর্জেন্টিনাকে নয়, ফেভারিট তালিকায় মেসির পছন্দ অন্য দল

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০১:৪৪ পিএম
বিশ্বকাপে আর্জেন্টিনাকে নয়, ফেভারিট তালিকায় মেসির পছন্দ অন্য দল
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজের দল আর্জেন্টিনাকে শিরোপার প্রধান দাবিদার মনে করছেন না লিওনেল মেসি। বরং বর্তমান ফর্ম ও দলগত শক্তির বিচারে ফ্রান্স, স্পেন, ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগালকে এগিয়ে রাখছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে একই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, বড় টুর্নামেন্টে আর্জেন্টিনা সবসময়ই লড়াকু দল।

স্থানীয় একটি পডকাস্টে কথা বলতে গিয়ে মেসি বলেন, “আমাদের দল ঐক্যবদ্ধ। এই দল সবসময় লড়াই করে, জিততে চায় এবং নিজেদের লক্ষ্য পূরণে সর্বোচ্চটা দেয়। তবে বাস্তবতা হলো, আমাদের চেয়ে ভালো অবস্থানে থাকা আরও কিছু দল আছে।”

২০২২ সালে কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই অভিযানের কেন্দ্রবিন্দু ছিলেন মেসি নিজেই। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জিতেছিলেন গোল্ডেন বলও। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তেরা।

তবে ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনও নিশ্চিত করেননি, ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। তা নিয়েই চলছে ফুটবলভক্তদের কৌতূহল। এর মধ্যেই সম্ভাব্য ফেভারিট দলগুলোর তালিকা প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি।

ফেভারিটদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন ফ্রান্সের। মেসির ভাষায়, “ফ্রান্সকে আবারও খুব শক্তিশালী দেখাচ্ছে। তাদের দলে অনেক উঁচুমানের খেলোয়াড় আছে।”

স্পেনের সাম্প্রতিক উত্থানও নজরে পড়েছে তার। তরুণদের নিয়ে নতুনভাবে গড়ে ওঠা দলটিকে সম্ভাবনাময় মনে করছেন তিনি। ব্রাজিল প্রসঙ্গে মেসি বলেন, “ব্রাজিল সবসময়ই শিরোপার দাবিদার। সাম্প্রতিক সময়ে হয়তো সেরা ছন্দে নেই, কিন্তু বড় টুর্নামেন্টে তারা সবসময় ভয়ংকর।”

জার্মানি ও ইংল্যান্ডকেও সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী হিসেবে দেখছেন আর্জেন্টাইন মহাতারকা। পাশাপাশি পর্তুগাল নিয়েও আশাবাদী তিনি। মেসি বলেন, “পর্তুগালের দলটাও খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং শক্তিশালী।”

বিশ্বকাপের অনিশ্চয়তার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তার মতে, বড় আসরে অঘটন সবসময়ই ঘটে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শুরুতেই সৌদি আরবের কাছে হেরে গিয়েও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল, সেটিও এক ধরনের উদাহরণ।

এবার পরিস্থিতি ভিন্ন। তখন আর্জেন্টিনা ছিল চ্যালেঞ্জার দল, এখন তারা বর্তমান চ্যাম্পিয়ন। ফলে চাপও আগের চেয়ে বেশি। তবু মেসির বিশ্বাস, মাঠে নামলে আর্জেন্টিনা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবে।
আপনার জেলার সংবাদ পড়তে