তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বকাপ ঘিরে জমকালো আয়োজনের ঘোষণা ফিফার

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০১:৪৭ পিএম
তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বকাপ ঘিরে জমকালো আয়োজনের ঘোষণা ফিফার

২০২৬ ফুটবল বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে এবার ভিন্ন পথে হাঁটছে ফিফা। ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশ, মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। শুক্রবার (৯ মে) এই ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

৪৮ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, মেক্সিকো সিটিতে। উদ্বোধনী ম্যাচের আগে প্রায় ৯০ মিনিটের জমকালো অনুষ্ঠানে পারফর্ম করবে জনপ্রিয় মেক্সিকান ব্যান্ড ‘মানা’। সঙ্গে থাকবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা ও আরও কয়েকজন শিল্পী। ফিফা জানিয়েছে, মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরা হবে এই আয়োজনে। দেশটির আদিবাসী শিল্পী এবং লোকসংগীতশিল্পীরাও অংশ নেবেন অনুষ্ঠানে।

একদিন পর ১২ জুন টরন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সেই ম্যাচের আগে মঞ্চ মাতাবেন কানাডিয়ান শিল্পী অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা ও উইলিয়াম প্রিন্স। আয়োজকরা বলছেন, টরন্টোর অনুষ্ঠানটি কানাডার বহুসাংস্কৃতিক বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিচ্ছবি হয়ে উঠবে। সেখানে থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়ও।

একই দিনে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন পপ তারকা কেটি পেরি। আরও পারফর্ম করবেন র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান সংগীতশিল্পী আনিত্তা, ব্ল্যাকপিংকের সদস্য লিসা, রেমা ও টাইলা।

ফিফা জানিয়েছে, তিন দেশের অনুষ্ঠানই আলাদা সাংস্কৃতিক পরিচয় তুলে ধরবে। পাশাপাশি বিশ্বকাপের বৈশ্বিক আবেদন ও ফুটবলের সাংস্কৃতিক প্রভাবও উপস্থাপন করা হবে এসব আয়োজনে।

বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। তবে তিন দেশে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার ঘটনা এবারই প্রথম।

এবারের বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হিসেবে দেখছে ফিফা। দলসংখ্যা বাড়িয়ে ৪৮ করা হয়েছে। সেই সঙ্গে দর্শকদের জন্য মাঠের বাইরেও বাড়তি বিনোদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আয়োজকদের আশা, উদ্বোধনী অনুষ্ঠানগুলো বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে।

আপনার জেলার সংবাদ পড়তে