বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জানা যাবে কবে, কীভাবে হবে দল ঘোষণা

এফএনএস স্পোর্টস
| আপডেট: ৯ মে, ২০২৬, ০১:৫০ পিএম | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০১:৫০ পিএম
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জানা যাবে কবে, কীভাবে হবে দল ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে উত্তেজনা বাড়ছে দিন দিন। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে কিংবা মোহাম্মদ সালাহদের বিশ্বকাপে দেখা যাবে বলেই ধরে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা। তবে নেইমার, এস্তেভাও বা ক্রিশ্চিয়ান রোমেরোর মতো কয়েকজন তারকা শেষ পর্যন্ত জায়গা পাবেন কি না, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। এর মধ্যেই বিশ্বকাপের ৪৮টি দলের স্কোয়াড ঘোষণার পূর্ণ সূচি জানিয়েছে ফিফা। আল জাজিরা জানায়, আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে সব দলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। তার আগে মে মাসজুড়ে চলবে স্কোয়াড জমা দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া।

ফিফার নিয়ম অনুযায়ী, ১১ মের মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোকে প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। এই তালিকায় সর্বনিম্ন ৩৫ জন এবং সর্বোচ্চ ৫৫ জন ফুটবলার রাখা যাবে। বাধ্যতামূলকভাবে থাকতে হবে চারজন গোলরক্ষকও। এই প্রাথমিক তালিকাই মূলত বিশ্বকাপের জন্য অনুমোদিত খেলোয়াড়দের পুল হিসেবে কাজ করবে।

ফিফা জানিয়েছে, চোট বা গুরুতর অসুস্থতার কারণে শেষ মুহূর্তে কাউকে বদলাতে হলে সেই খেলোয়াড়ের নাম অবশ্যই প্রাথমিক তালিকায় থাকতে হবে। অর্থাৎ প্রাথমিক স্কোয়াডের বাইরে থাকা কেউ বিশ্বকাপে সুযোগ পাবেন না। তবে এই তালিকা প্রকাশ বাধ্যতামূলক নয়। কোনো দেশ চাইলে নিজেদের উদ্যোগে তা প্রকাশ করতে পারবে।

এরপর ২৫ মে থেকে ১ জুনের মধ্যে ফিফার কাছে জমা দিতে হবে চূড়ান্ত স্কোয়াড। সেখানে সর্বনিম্ন ২৩ জন এবং সর্বোচ্চ ২৬ জন ফুটবলার রাখা যাবে। চূড়ান্ত দলে অন্তত তিনজন গোলরক্ষক থাকা বাধ্যতামূলক।

ফিফা আরও জানিয়েছে, কোনো দলের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত গুরুতর চোট বা অসুস্থতার কারণে পরিবর্তনের সুযোগ থাকবে। তবে সেই বিকল্প খেলোয়াড়ও প্রাথমিক তালিকায় থাকতে হবে।

এদিকে বিভিন্ন দেশ নিজেদের স্কোয়াড ঘোষণার সম্ভাব্য তারিখও ঠিক করতে শুরু করেছে। ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার সম্ভাব্য তারিখ ১৮ মে। পরদিন দল ঘোষণা করতে পারে পর্তুগাল। ২১ মে জার্মানির এবং ২২ মে ইংল্যান্ডের স্কোয়াড প্রকাশ হওয়ার কথা রয়েছে।

স্পেন অবশ্য কিছুটা অপেক্ষা করতে পারে। দেশটির সংবাদমাধ্যমগুলোর খবর, লামিনে ইয়ামালের চোট পরিস্থিতি বিবেচনায় কোচ লুইস দে লা ফুয়েন্তে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন। অন্যদিকে ফ্রান্সের প্রাথমিক দল ১৩ মে ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো দল ঘোষণার সম্ভাব্য দিন জানায়নি।

বিশ্বকাপের আগে দল ঘোষণা ঘিরে এবার বাড়তি আগ্রহের বড় কারণ কয়েকজন তারকা ফুটবলারের ফিটনেস। বিশেষ করে নেইমারের ভবিষ্যৎ নিয়ে ব্রাজিলে আলোচনা তুঙ্গে। ২০২৩ সালের চোটের পর জাতীয় দলে আর ফেরা হয়নি তার। একইভাবে বিভিন্ন দেশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস পরিস্থিতিও নজরে রাখছে ফুটবল বিশ্ব।

আপনার জেলার সংবাদ পড়তে