পিরোজপুরের জিয়ানগরে রাতের আঁধারে জমি দখলে নেওয়ার জন্য ফলন্ত সুপারি বাগান কেটে ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার( ৮মে) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্ব চন্ডিপুর গ্রামের হিঙ্গুল উদ্দিন শেখের পুত্র আবু তালেব শেখ, শহিদুল শেখ, আলম শেখ সহ ৪০ থেকে ৫০ জন মিলে একই গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র নুরুল ইসলাম শেখ ও সোহরাব শেখের জমি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি দখলকে কেন্দ্র করে এলাকায় উভয় গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নুরুল ইসলাম শেখ ও অভিযুক্ত আবু তালেব শেখ একই বংশের সম্পর্কে চাচাতো ভাই। ৩০ থেকে ৪০ বছর আগে হিঙ্গুল উদ্দিন শেখের কাছ থেকে নুরুল ইসলাম শেখ ৭ শতাংশ জমি ক্রয় করেন। জমির দাগ সংক্রান্ত ঝামেলা নিয়ে এই দখল সমস্যা বলে প্রাথমিকভাবে জানা যায়।
গ্রহীতা নুরুল ইসলাম জানান, আমি ১৯৮৩ সালে হিঙ্গুল উদ্দিন এর কাছ থেকে এই জমি ক্রয় করি। ৪৩ বছর এই জমি আমি ভোগ দখল করে আসছি। শুক্রবার দিবাগত রাতে ৪০-৫০ জন মিলে ডাকাতের মত রাতের আঁধারে আমার ফলন্ত সুপারি বাগান কেটে ফেলে এবং দ্রুত সেখানে ঘর তোলে। ঘটনাটি আমি জানতে পেরে থানায় অভিযোগ দিয়ে পুলিশ এনে কাজ বন্ধ করেছি। জমি বুঝে পাওয়ার জন্য আমি আইনের আশ্রয় নিয়েছি। অভিযুক্ত আবু তালেব শেখ কে ঘটনাস্থলে গিয়ে না পেলেও অন্য অভিযুক্ত আলম শেখ বলেন, এই জমি আমাদের পৈতৃক। এত বছর তারা আমাদের জমি ক্ষমতার জোরে দখল করে রেখেছিল। আমরা আমাদের নিজস্ব সম্পত্তিতে এসেছি। সম্পত্তি বুঝে পাওয়ার জন্য আমরা থানায় একাধিকবার গিয়েছিলাম। রাতের আঁধারে ঘর তোলা এবং ফলন্ত সুপারি বাগান কাটা সম্পর্কে তিনি বলেন, আমরা রাতের আঁধারে আসিনি। বিকেলে কাজ করা শুরু করছিলাম এবং কাজ করার একপর্যায়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এ বিষয়ে জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান বলেন, আমরা রাতে অভিযোগ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং পুলিশ গিয়ে কাজ বন্ধ করে রেখেছে। ভুক্তভোগীরা থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।