টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পাশে সরকার আছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহযোগিতার তহবিল বাড়ানোর কথা বলেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ‘ধান ফলাতে কৃষকদের অনেক কষ্ট করতে হয়। আমি নিজেও একজন কৃষক। আমার ধান এভাবে পানিতে পচে গেলে আমিও সেই কষ্ট বুঝতে পারতাম।’ আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মেদির হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন কৃষিমন্ত্রী। এসময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন,তাদের কষ্টের কথা শোনেন ও সরেজমিনে অবলোকন করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি। এছাড়াও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের সহায়তার আওতায় আনতে নির্ভুল তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
হাওর পরিদর্শন শেষে বিকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে মন্ত্রী উপজেলার গোয়ালনগর ইউনিয়নের নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আর্থিক সহযোগিতার নগদ ২ লক্ষ টাকার চেক হস্তান্তর ও ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষক পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিলের সঞ্চালনায় এসময় স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. উবাইদুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদ,সাধারন সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরীসহ স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের বিএনপির দলীয় নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত কৃষক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।