জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসেনে আরা বেগমের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা বাতিল করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও জনসেবা স্বাভাবিক রাখতে ক্ষেতলাল উপজেলা প্রকৌশলীকে সাময়িকভাবে ওই দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ১৩ মে ২০২৬ তারিখে জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. আনোয়ারুজ্জামান তালুকদার মামলাজনিত কারণে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার সভার সিদ্ধান্ত অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ হোসেনে আরা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছিল।
কিন্তু দায়িত্ব গ্রহণের পর তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও প্রশাসনিক অসঙ্গতির অভিযোগ ওঠে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের ৮ জন সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে অপসারণের আবেদন করেন। পরে সদস্যদের অনাস্থা ও প্রশাসনিক তদন্তের প্রেক্ষিতে জেলা প্রশাসন তাঁর ওপর অর্পিত ক্ষমতা বাতিলের সিদ্ধান্ত নেয়।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও সেবাদান অব্যাহত রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩, ১০১ ও ১০২ ধারা অনুযায়ী ক্ষেতলাল উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফকে আলমপুর ইউনিয়ন পরিষদের যাবতীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
জেলা প্রশাসকের জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।