সৈয়দপুরে ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ০২:২৬ পিএম
সৈয়দপুরে ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি

টানা কয়েক ঘন্টা ভারী বর্ষণ ও দমকা হাওয়ায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধান, সবজি ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে নিচু এলাকার কৃষিজমি পানির নিচে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। উপজেলার কামারপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে জমে থাকা পানির কারণে পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। কোথাও কোথাও জমিতে কাটা ধান পানিতে ভিজে নষ্ট হতে শুরু করেছে। অনেক জমিতে ধান গাছ মাটিতে লুটিয়ে পড়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষক মানিক বলেন,কষ্ট করে ধান ফলিয়েছি। এখন বৃষ্টির কারণে জমিতে পানি জমে সব নষ্ট হওয়ার উপক্রম। শ্রমিকও পাওয়া যাচ্ছে না। আরেক কৃষক শামিউল ইসলাম বলেন,দুই দিনের বৃষ্টিতে ভুট্টা ও সবজির ক্ষেত ডুবে গেছে। এবার লোকসান গুনতে হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। কৃষি কর্মকর্তারা কৃষকদের দ্রুত পানি নিষ্কাশন ও পাকা ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,উত্তরাঞ্চলে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।  এদিকে সৈয়দপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সড়কগুলো বৃষ্টির কারণে খানাখন্দে পরিণত হয়েছে। কোন কোন ওয়ার্ডে দেখা দিয়েছে জলাবদ্ধতা।  কোথাও কোথাও ড্রেনের পানি প্রবেশ করেছে বাসা বাড়িতে।

আপনার জেলার সংবাদ পড়তে