চাঁদপুর আসছেন প্রধানমন্ত্রী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ০৫:১৭ পিএম
চাঁদপুর আসছেন প্রধানমন্ত্রী

আগামীকাল ১৬ মে (শনিবার) চাঁদপুর জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।দিনব্যাপী এই সফরে তিনি দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে  বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ারে বাড়ছে গোটা চাঁদপুর। 

সরকারি এই সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে তাঁর সরকারি বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্ণীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। বেলা ১২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ 'খোদ খাল' পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন 'বিশ্ব খাল' পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।

বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে কিছুক্ষণ যাত্রাবিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত 'ফ্যামিলি কার্ড বিতরণ' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। সফর শেষে ওইদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন এবং রাত ৯টা ৩০ মিনিটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থাকবেন। এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, আজ থেকে ২২ বছর আগে ২০০৪ সালে বিএনপি যখন ক্ষমতায় তাঁর মা বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী।তখন দলকে তৃণমূল পর্যায় করার লক্ষ্যে ইউনিয়ন প্রতিনিধি সভা ও গ্রাম মার্চ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিএনপির বর্তমান চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে