সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়

মারা গেলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ১১:১২ এএম
মারা গেলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

বিএনপির বর্ষীয়ান নেতা, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা আর নেই। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন মেয়ে তাসনিম সিনহা। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদের মধ্যেও তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।

মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম খান বাদলকে এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সাগুফতা ইয়াসমিন এমিলিকে পরাজিত করে জয় পান তিনি। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

রাজনীতির পাশাপাশি দেশের শিল্পখাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা হামিদুর রহমান সিনহা ছিলেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী একমি গ্রুপের প্রতিষ্ঠাতা। বাবার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি একমি গ্রুপে যোগ দেন এবং ১৯৮৩ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মিজানুর রহমান সিনহা। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে পড়াকালে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৯৯০ সালে বিএনপিতে যোগ দেন। দীর্ঘ সময় তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় পরে দলীয় মনোনয়নে পরিবর্তন আনা হয়। ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।

সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও দানশীলতার জন্যও এলাকায় পরিচিত ছিলেন মিজানুর রহমান সিনহা। তার মৃত্যুতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে