গরিব-অসহায়দের জন্য বরাদ্দকৃত চাল যেন কোন অবস্থাতেই নিম্নমানের না হয় এবং ওজনে কখনো কম না দেওয়া হয় সেদিকে কঠোর নজর রাখতে হবে নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। একইসাথে অসহায়দের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না মর্মে হুশিয়ারি দিয়েছেন। সরকারি খাদ্য গুদামে নিম্নমানের ধান ক্রয় করা থেকে বিরত থাকার আহবান জানিয়ে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মানসম্মত ধান সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বৃহস্পতিবার (১৪ মে) ময়মনসিংহের ত্রিশালে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
উপজেলার ধানীখোলা এলএসডি মিলনায়তনে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বোরো সংগ্রহের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা শ্যামল সরকার, ধানীখোলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত বিশ্বাস, ধলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমেল সরকার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি প্রমূখ।