মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ১১:১৯ এএম
মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বরিশালে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার ভোর রাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে বাবু সিকদার নামের ওই মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডের শিকার দুই সন্তানের জনক বাবু সিকদার (৩০) ওই এলাকার কালাম শিকদারের ছেলে। চাঁদা দিতে রাজি না হওয়ায় পলাশপুরের চিহ্নিত কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধুর নেতৃত্বে বাবুকে কুপিয়ে হত্যা করা হয় বলে দাবি করেছেন নিহতের ভাই নাঈম হোসেন। এসময় স্থানীয়রা ওই গ্যাংয়ের সদস্য শহীদ ওরফে কালা শহীদ ও মটু সিয়ামকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। হত্যাকান্ডের শিকার বাবু সিকদারের ভাই নাঈম সিকদার জানিয়েছেন, টোকাই মধু তার ভাইয়ের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার ভোরে পলাশপুরের তিন রাস্তার মোড়ে টোকাই মধুর নেতৃত্বে তার উপরে আচমকা হামলা হয়। ওই হামলায় ছিলেন মধুর গ্যাংয়ের সদস্য ভাটিখানার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত। এ সময় আমরা টের পেয়ে ঘটনাস্থলে এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে বাবু সিকদারকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাংয়ের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে নেপথ্যে মাদকের ঘটনা রয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। অন্যান্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পাশাপাশি নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে