এক্সপ্রেসওয়েতে ট্রাক মেরামতের সময় বাস চাপায় বাবা-ছেলে নিহত

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১৬ মে, ২০২৬, ১১:৪১ এএম | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ১১:৩৭ এএম
এক্সপ্রেসওয়েতে ট্রাক মেরামতের সময় বাস চাপায় বাবা-ছেলে নিহত

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আজ শনিবার ভোর ৪টার দিকে চাকা পাংচার হওয়া ট্রাক মেরামতের সময় বাসের চাপায় বাবা ও ছেলে নিহত হওয়ার দুর্ঘটনা ঘটেছে। এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার কাছে এমন ঘটনা ঘটে। 

মারা যাওয়ারা হলেন- যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) এবং তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব ট্রাকটির চালক ছিলেন এবং তার বাবা ইউসুফ একই ট্রাকে হেলপার হিসেবে কাজ করতেন।

ঘটনাসূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী মালবাহী ট্রাকের পেছনের চাকা মধ্যরাতে বগাইল টোলপ্লাজার কাছে পাংচার হয়। চালক ইয়াকুব ও তার বাবা ইউসুফ সড়কের পাশে ট্রাক থামিয়ে চাকা মেরামত শুরু করেন। এ সময় পেছন থেকে আসা একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি শিবচর হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, দুটি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে