সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, রয়েছে সতর্ক সংকেট

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১৬ মে, ২০২৬, ১২:২২ পিএম | প্রকাশ: ১৬ মে, ২০২৬, ১২:০২ পিএম
সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, রয়েছে সতর্ক সংকেট

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড়ো বাতাস এবং বৃষ্টি-বজ্রপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায় সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আজ শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ধার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো বাতাস হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও।

এদিকে সকাল ৯টা থেকে সারা দেশের জন্য ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্ণীপুর জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে