অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ১০:৩৩ এএম
অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতে অবস্থানরত আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া আতাউস সামাদ আতু নামের এক বাংলাদেশি নাগরিককে একদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিকেলে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফেরত পাওয়া আতাউস সামাদ আতু দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে ভারতে থাকা তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াতের কার্ড দিতে যান আতাউস সামাদ আতু। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বিএসএফ সদস্যরা তাকে বোনের বাড়ি থেকে আটক করে। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়। এর ধারাবাহিকতায় শনিবার বিকেল ৫টার দিকে সীমান্ত এলাকায় উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি সদস্যরা তাকে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সন্ধ্যার দিকে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়া এক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে