শ্রীবরদীতে অবৈধ বালু পরিবহনের দায়ে জরিমানা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ১০:৪৭ এএম
শ্রীবরদীতে অবৈধ বালু পরিবহনের দায়ে জরিমানা

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আকাশ মিয়া (১৯) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মে) দুপুরে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, খরস্রোতা ঢেউপা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত চারটি মাহেন্দ্র গাড়ি আটক করা হয়। এ ঘটনায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রামের আকাশ মিয়াকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আটক মাহেন্দ্র গাড়িগুলো কর্ণজোড়া বিজিবি ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানকালে ৩৯ বিজিবির কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার সাইদুর রহমান, নায়েক নাজমুল হোসেনসহ বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, “অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে