ঢাকার নিউমার্কেট এলাকায়

নির্ধারিত স্থানে নামা নিয়ে তর্কবিতর্ক, চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যা!

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১৭ মে, ২০২৬, ১১:৫৮ এএম | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ১১:৪৯ এএম
নির্ধারিত স্থানে নামা নিয়ে তর্কবিতর্ক, চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যা!
প্রতীকী ছবি

রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় রাতের আধারে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। নির্ধারিত স্থানে বাস থেকে নামা নিয়ে তর্কবিতকের এক পর্যায়ে যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আমিনুল ইসলাম (৪০) নামে শনিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে এলিফ্যান্ট রোডে সেই যাত্রীকে বাস থেকে ফেলে দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে তার মৃত্যু হয়।

নিহত আমিনুল ইসলামের বাড়ি রংপুর জেলার মাহিগঞ্জ থানার হাজী দোলনা গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক। ঢাকার মোহাম্মদপুরের বসিলা মেট্রো হাউজিং এলাকায় বসবাস করতেন তিনি।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ জানান, খবর পেয়ে পুলিশ আমিনুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, আমিনুল ইসলাম সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ছিলেন। নির্ধারিত স্থানে নামাকে কেন্দ্র করে বাসের হেলপারের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে চলন্ত বাস থেকে হেলপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত হেলপার পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে