ভূমিসেবা সহজভাবে নাগরিকদের কাছে পৌঁছে দেয়া হবে

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৭ মে, ২০২৬, ০২:০৮ পিএম | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০২:০৮ পিএম
ভূমিসেবা সহজভাবে নাগরিকদের কাছে পৌঁছে দেয়া হবে

আগামী ১৯ থেকে ২১ মে  তিনদিন ব্যাপী সারাদেশের ন্যায় বরিশাল বিভাগের ছয়টি জেলা ও ৪২টি উপজেলায় ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। দেশের সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করার অভিপ্রায়ে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটাইজড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বরিশাল বিভাগীয় কমিশনারের আয়োজনে রবিবার বেলা এগারোটার দিকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বরিশাল সার্কিট হাউজের হলরুমে বরিশাল বিভাগীয় কমিশনারের আয়োজন প্রেস কনফারেন্সে জানানো হয়েছে-বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের বিপরীতে রেকর্ড রুমের সামনে ছয়টি স্টলে ছয়ধরনের বিষয় নিয়ে ভূমিসেবা গ্রহণকারীদের সেবা প্রধান করা হবে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব প্রেস কনফারেন্স বলেন, ভূমি উন্নয়ন কর প্রদানের অনলাইন রেজিস্ট্রেশন এবং দাখিলা প্রদানসহ সকল সেবা মেলায় সহজভাবে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হবে। ই-নামজারি, অনলাইন আবেদন আপলোড ও ভূমি কর প্রদানের ব্যবস্থা মেলায় দিনব্যাপী চালু থাকবে।

তিনি আরও জানান, মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, ভূমি বিষয়ক অভিযোগ গ্রহণ ও সমাধান, সেবাবুথে সার্বক্ষণিক কর্মকর্তার উপস্থিতি এবং সচেতনতামূলক লিফলেট ও বুকলেট বিতরণ করা হবে। এছাড়া ভূমি সেবা সহায়তা কেন্দ্রের বুথে নির্ধারিত রেট অনুযায়ী সেবা প্রদান করা হবে। প্রেস কনফারেন্সে  প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্স শেষে ভূমি মেলাকে কেন্দ্র করে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে