হাম টিকা ইস্যু: ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০২:৫০ পিএম
হাম টিকা ইস্যু: ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

আজ রোববার হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

রিটে উল্লেখ করা হয়েছে, হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া ড. ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা প্রার্থনা করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও রিটে বিবাদী করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।

এর আগে হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেয়া ইস্যুতে গত ৬ এপ্রিল সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয়। ওইদিন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, সারাদেশে আকস্মিক বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি জানান, হামের মতো টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এ বিষয়ে তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্তের দাবি জানিয়ে এবং ড. মুহাম্মদ ইউনুস, ড. আসিফ নজরুল, সৈয়দ রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খাঁন শুভ্র, নূর জাহান বেগম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সব উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস-সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সব সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপে সরকারের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে