কুষ্টিয়ার কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বর্ডার গার্ড বাংলাদেশ এর চলমান কঠোর ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক একাধিক সফল বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ সামগ্রী উদ্ধারসহ ২ (দুই) জন মাদক চোরাকারবারীকে আটক করা হয়। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ মে রোববার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর নামক স্থানে একটি চৌকষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ রকি হোসেন (২৫), পিতা-মৃত আমিরুল মোল্লা, গ্রাম-পশ্চিম দক্ষিণ ফিলিপনগর, পোস্ট-ফিলিপনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ২৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। একই দিন আনুমানিক ০২৫০ ঘটিকায় শুভরাজপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার শুভরাজপুর মাঠপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০৫ বোতল ভারতীয় মদ এবং ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩,০৭,৫০০/- (তিন লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা। প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গোলাম মাওলার আমবাগান নামক স্থানে পরিচালিত পৃথক অভিযানে মোঃ সামিরুজ্জামান হিটু (৪৯), পিতা-মৃত কেয়ামত আলী, গ্রাম-প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৩৯,৩০০/- (ঊনচল্লিশ হাজার তিনশত) টাকা।
একই তারিখ আনুমানিক ২০৪৫ ঘটিকায় রামকৃষ্ণপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মদপুর মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১১ প্যাকেট কীটনাশক এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৫,৭৮,৬৯০/- (পাঁচ লক্ষ আটাত্তর হাজার ছয়শত নব্বই) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।