কিশোরগঞ্জে ভূমিসংক্রান্ত সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”আয়োজন করা হবে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে এ মেলা অনুষ্ঠিত হবে। রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক সোহানা নাসরিন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:কামরুল হাসান মারুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের সঙ্গে সমন্বয় করে এ মেলার আয়োজন করা হচ্ছে। আগামী ১৯ মে সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন। মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন অনলাইন ও সরাসরি সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ষধহফ.মড়া.নফ পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, অনলাইনে মিউটেশন সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপ পাওয়ার আবেদনসহ বিভিন্ন সেবা। এ ছাড়া ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, ভূমি সেবা সহায়তা কেন্দ্রের লাইভ সেবা, সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান এবং ভূমিসংক্রান্ত পরামর্শ ও সহযোগিতাও দেওয়া হবে। মেলায় “অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দ্য চেঞ্জেস, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড”শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ভূমিসংক্রান্ত বিষয়ে সচেতনতা ও ধারণা প্রদান করা হবে। প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভূমি সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ কার্যক্রম প্রচারে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।