মাধবপুরে পানির নিচে এলজিইডির রাস্তা, ভোগান্তিতে মানুষ

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৫:০৯ পিএম
মাধবপুরে পানির নিচে এলজিইডির রাস্তা, ভোগান্তিতে মানুষ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর-গোপীনাথপুর সড়কটি পানির নিচে তলিয়ে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অধিভুক্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম কষ্টে দিন পার করছেন। এই সড়ক দিয়ে কমলপুর হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসা, সাহেবনগর উচ্চ বিদ্যালয়, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। এছাড়াও কমলপুর, গোপীনাথপুর, নয়নপুর, হরিণখোলা, দেবীপুর, কালিকাপুর, ভবানীপুর, শিবনগর ও রামনগর গ্রামের হাজারো মানুষ এই রাস্তার ওপর নির্ভরশীল। বর্তমানে রাস্তার বিভিন্ন অংশ পানির নিচে থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা বিকল্প পথ হিসেবে স্থানীয় বাড়ির উপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন, এমনকি এতে বাধার মুখেও পড়তে হচ্ছে। স্থানীয় মাদ্রাসার শিক্ষক খোকন মিয়া বলেন, “আমরা এলাকাবাসী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে রয়েছি। দ্রুত পানির নিষ্কাশনের ব্যবস্থা ও রাস্তা সংস্কার করা হলে আমরা স্বস্তি পেতাম।” এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউন নবী জানান, “তহবিল সংকটের কারণে আপাতত কাজটি করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।” এলাকাবাসীর দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ ও সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

আপনার জেলার সংবাদ পড়তে