বরিশালে

বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন তৃণমূলের নেতা রহমাতুল্লাহ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৬:১৬ পিএম
বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন তৃণমূলের নেতা রহমাতুল্লাহ

বরিশাল মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন তৃণমূলের নেতা হিসেবে ব্যাপক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। বরিশাল অঞ্চলের রাজনৈতিক মহলে এ আলোচনাটি বেশ জোরালো হয়ে উঠেছে। বর্তমানে তিনি (রহমাতুল্লাহ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন থেকে বরিশালের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বরিশাল মহানগর বিএনপির নেতৃত্বে আসার ক্ষেত্রে তাঁর সম্ভাবনা ও রাজনৈতিক কর্মকান্ডের বিশ্লেষন করে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলেছেন, বরিশাল মহানগর বিএনপির পূর্ববর্তী মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক কমিটি বিলুপ্ত করার পর থেকেই নতুন নেতৃত্বের খোঁজ চলছে। দলের তৃণমূল কর্মী থেকে শুরু করে হাইকমান্ডের আলোচনায় আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর নাম শীর্ষস্থানীয় নেতাদের তালিকায় রয়েছে।

সূত্রমতে, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূল পরিবেশ ও আন্দোলন-সংগ্রামে মাঠপর্যায়ের নেতাকর্মীদের পাশে থাকায় সাধারণ নেতাকর্মীদের মাঝে তাঁর (রহমাতুল্লাহ) প্রতি বেশ ভালো সমর্থন সৃষ্টি হয়েছে। কর্মীবান্ধব নেতা হিসেবে দলের একটি বড় অংশ তাঁকে মহানগরের শীর্ষ নেতৃত্বে দেখতে চায়। দলের চেয়ারম্যানের নির্দেশনায় বরিশালে নিয়মিত সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে তিনি (রহমাতুল্লাহ) নিজের অবস্থানকে শক্ত করেছেন। দলের ভেতর বিভিন্ন সাংগঠনিক কাজের সফল দায়িত্ব পালনের কারণে কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাছেও তিনি বেশ আস্থাশীল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বরিশাল-৫ (সদর) আসনের একজন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন। একইসাথে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ঘিরেও তাঁর রাজনৈতিক তৎপরতা ও লবিং ছিলো দৃশ্যমান। কিন্তু বরাবরেই তিনি (আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ) নেতাকর্মীদের নিয়ে দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে চলেছেন। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিএনপির হাইকমান্ড থেকে যেকোনো মুহুর্তে বরিশাল মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে বিগতদিনের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন করে আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহকে বরিশাল মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ শীর্ষ পদে (সভাপতি) মনোনীত করা হবে এমনটাই প্রত্যাশা করছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে