কিশোরগঞ্জ পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে সিন্ডিকেটের রাজত্ব সংবাদকে বিভ্রান্তিকর দাবি

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৮:০২ পিএম
কিশোরগঞ্জ পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে সিন্ডিকেটের রাজত্ব সংবাদকে বিভ্রান্তিকর দাবি

সম্প্রতি পত্রিকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত “কিশোরগঞ্জ পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে সিন্ডিকেটের রাজত্ব”শিরোনামের সংবাদকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন কিশোরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ।

তাদের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পৌরসভার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে সংবাদে সমাজ উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মোদকের নাম উল্লেখ করাকে তারা “সম্পূর্ণ অযৌক্তিক ও তথ্যবিহীন”বলে উল্লেখ করেন।

পৌরসভার সংশ্লিষ্ট সূত্র জানায়, একজন সমাজ উন্নয়ন কর্মকর্তার দায়িত্বের সঙ্গে ভবনের নকশা অনুমোদন, প্ল্যান পাশ কিংবা কারিগরি সিদ্ধান্ত গ্রহণের কোনো সম্পর্ক নেই। ভবনের নকশা অনুমোদনের কার্যক্রম সম্পূর্ণভাবে প্রকৌশল শাখা ও সংশ্লিষ্ট কারিগরি বিভাগের আওতায় পরিচালিত হয়। ফলে এ ধরনের কাজে সমাজ উন্নয়ন কর্মকর্তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা বাস্তবতার পরিপন্থী।

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই না করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ না করেই একপাক্ষিকভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি নির্দোষ কর্মকর্তাদের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

তারা আরও বলেন, কিশোরগঞ্জ পৌরসভায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে সত্যতা যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলেও তারা মন্তব্য করেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলও উদ্বেগ প্রকাশ করে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তারা বলছেন, যে সংবাদের পাকুন্দিয়া সিন্ডিকেটের কথা জোড় দিয়ে উল্লেখ করা হয়েছে। সঞ্জয় কুমার মোদক বলেন,আমার বাড়ি হোসেনপুর হওয়া সস্ত্বেও তাকে পাকুন্দিয়া সিন্ডিকেটের সদস্য বলে চালিয়ে দিয়েছে যা বিভ্রান্তিকর।

আপনার জেলার সংবাদ পড়তে