সিংড়ায় শুকনো ঝড়ে টিনসেড ঘর-বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্থ

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ০৮:২৬ পিএম
সিংড়ায় শুকনো ঝড়ে টিনসেড ঘর-বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্থ

নাটোরের সিংড়ায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে আধাপাকা ও টিনসেড ঘর-বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার রাত ১২ টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে কাল বৈশাখী ঝড়-বৃষ্টিতে প্রায় ৪০ টি বাড়ি-ঘরের টিনের চালা উড়ে যায়। এতে ঘরের ভেতরের আসবাপত্র ও কাপড় চোপড় ভিজে যায়। সারারাত ভেজা কাপড়ে অনেক পরিবারের সদস্যদের চালাবিহীন ঘরে বসবাস করতে হয়। এদিকে রোববার সন্ধ্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু। অপরদিকে ক্ষতিগ্রস্থ পরিবারে সাথে ভিডিও কলে কথা বলে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।

সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে ঝমঝমে বৃষ্টি শুরু হয়। কয়েক মিনিটের ঝড়ো হাওয়ায় উপজেলার খাজুরা ইউনিয়নের থেলকুড়, মালকুড়, ভোগা, হাপুনিয়া সহ ৮ থেকে ১০ টি গ্রামে বেশ কিছু বাড়ি-ঘর লন্ড-ভন্ড হয়ে যায়। রাতের বৃষ্টিতে অনেক বাড়ির আসবাপত্র, কাপড় ও ধান-চাল ভিজে নষ্ট হওয়ায় অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

     উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু বলেন, শনিবার রাতে হঠাৎ ঝড় ও বৃষ্টিতে উপজেলার রামানন্দ খাজুরা ও সুকাশ ইউনিয়নের প্রায় অর্ধশত আধাপাকা ও টিনসেড ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে। যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে