নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লায় এক দিনমজুর পরিবারের ঘরে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম হয়েছে। বিরল এই ঘটনায় আনন্দে ভাসছে পরিবার ও এলাকাবাসী। তবে আনন্দের মাঝেই চার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তার শঙ্কা।
সোমবার (১৮ মে) সকালে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে আসিরা আক্তার সুরাইয়া (২৫) একসঙ্গে তিনটি ছেলে নবজাতকের জন্ম দেন। তিনি বিরোপাড়া মহল্লার দিনমজুর রাজুর স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গেছে, সফলভাবে প্রসব সম্পন্ন হওয়ার পর মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন। নবজাতকদের ওজন কম হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালে রাখা হয়েছে।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়তেই আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মাঝে আনন্দের ঢেউ বইতে শুরু করে। অনেকেই হাসপাতালে গিয়ে নবজাতকদের দেখে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাচ্ছেন। দীর্ঘদিন পর এলাকায় এমন বিরল ঘটনার সাক্ষী হয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা।
পরিবার সূত্রে জানা যায়, এর আগে দম্পতির ঘরে রাব্বি নামে আড়াই বছর বয়সী আরও এক পুত্র সন্তান রয়েছে। নতুন তিন নবজাতকসহ এখন চার সন্তানের বাবা-মা হয়েছেন এই দিনমজুর দম্পতি।
তবে আনন্দের পাশাপাশি বাস্তবতার কঠিন চিত্রও সামনে এসেছে। দিনমজুর রাজুর সীমিত আয়ে চার সন্তানের লালন-পালন, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্বজনরা। মানবিক সহায়তা পেলে সন্তানদের সুন্দরভাবে মানুষ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন পরিবারটি।
পরিবারের পক্ষ থেকে মা ও সন্তানদের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হয়েছে এবং সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
হাসপাতালের পরিচালক মুক্তার হোসেন জানান, মা ও তিন নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। নবজাতকদের ওজন কম থাকায় আরও দুই-এক দিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।