পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি প্রবাসী গৃহবধূ দুই সন্তানের জননী মরিয়ম বেগমের (৩৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে চাকামাইয়া ইউনিয়নের দারোগার তবক গ্রামের নিজ বাড়ি থেকে মরিয়মের মৃতদেহ কলাপাড়া থানা পুলিশ উদ্ধার করে। তবে এ ঘটনার পর থেকে তার স্বামী নাসির সিকদার পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত মরিয়ম প্রায় আট বছর ধরে সংসারের অনটন লাঘবে সৌদি আরবে ছিলেন। মাত্র আট দিন আগে সৌদি থেকে গ্রামের বাড়িতে ফেরেন। এরপর থেকেই স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। রোববার সন্ধ্যার পরে স্বামী নাসির উদ্দিন তার কাছে টাকা দাবি করলে সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ সময় নাসির তাকে মারধর করেন। এরপরে রাতে স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন। তবে ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে জানান, মরিয়ম আত্মহত্যা করেছে। এরপর নিজে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে উঠোনের একটি রেইনট্রি গাছের নিচে ওই মরিয়মের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দেয়া হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।