রাজশাহীতে দীর্ঘ ২০ বছর পর ড্রেন পরিষ্কার, স্বস্তিতে এলাকাবাসী

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০৪:০১ পিএম
রাজশাহীতে দীর্ঘ ২০ বছর পর ড্রেন পরিষ্কার, স্বস্তিতে এলাকাবাসী
দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনার কারণে রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি। অবশেষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশে দীর্ঘ ২০ বছর পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৮ মে) রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, অন্যান্য বছরের মতো এবার আর জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হবে না। ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু এবং কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিউল আহসান হিমেল। এদিকে নগরবাসীর প্রতি সচেতনতার আহ্বান জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে। পাশাপাশি নিজেদের নগর পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
আপনার জেলার সংবাদ পড়তে