কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের জালালপুর বাজারে মাদক জুয়া বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়। রোববার সন্ধায় বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় মহিনন্দ ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের উদোক্তা মাও উবায়দুল্লাহ মারুফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা জমিয়তের সহ সভাপতি আবুল কাসেম মেনু, ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মাও নুমান আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার নায়েবে আমির নুর উদ্দিন,কৃষকদলের মহিনন্দ শাখার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, খেলাফত মজলিসের মাইজখাপনের সভাপতি মাও আতাউর রহমান নীলগঞ্জী, মহিনন্দ ইমাম উলামা পরিষদের সভাপতি মাও কামরুল ইসলাম, মহিনন্দ ইউপি সদস্য মাহতাব উদ্দিন, ইশা আন্দোলনের মহিনন্দ শাখার সভাপতি মাও হুসাইন আহমদ শামীম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সবই হচ্ছে আবার কিছুই হচ্ছে না। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর প্রবণতা।
বিশেষ করে যুব সমাজ নিমজ্জিত হচ্ছে অন্ধকারে। ভেঙ্গে যাচ্ছে দেশের চালিকা শক্তি যুব সমাজের মেরুদন্ড, যার পরিপ্রেক্ষিতে সমাজ ব্যবস্থায় চরম বিশৃংখলা দেখা যাচ্ছে। কুফলের দিক জেনেও এক অদৃশ্য শক্তি বশ করছে এ সমাজকে। প্রতিনিয়তই সুস্থ জীবন থেকে সরে যাচ্ছে বহু তরুণ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের মানুষ।
সুস্থ এবং সুশৃংখল সমাজ নির্মাণ করতে হলে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে যুব সমাজকে।
বিশেষ করে আজকের পর থেকে এই বাজারে মাদকাসক্তদেরকে শক্ত হাতে প্রতিবাদ গড়ে তোলা হবে। উঠতি বয়সী তরুণ তরুণীদের চায়ের আড্ডার নামে বেহায়া বেলেল্লাপনা চলবে না। মাদক জুয়ার আসর বসতে দেওয়া হবে না বলে হুশিয়ারী করে দেন। এসময় মহিনন্দ মাইজখাপনের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।