রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক রিকশা মিস্ত্রির মেয়ে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১২টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের মিল্লাত ক্যাম্প সংলগ্ন ৭ নম্বর রোডের একটি বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহটি দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া গেছে।
ঘটনার পর থেকেই সন্দেহভাজন সোহেল রানা নামে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের বাসার বাসিন্দা সোহেল রানা শিশুটিকে হত্যা করে পালিয়ে গেছেন। তবে তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।
পল্লবী থানার এসআই ইকবাল হোসেন বলেন, “একটি শিশুর গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। সন্দেহভাজন সোহেল রানা পালিয়ে গেছেন।”
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময়ে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। ওই সময় বাসায় অন্য কেউ ছিলেন না।
যদিও হত্যার আগে ধর্ষণের অভিযোগ উঠেছে, তবে এ বিষয়ে এখনো নিশ্চিত নয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, ময়নাতদন্ত ও মেডিক্যাল পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত জানতে আশপাশের লোকজনের সঙ্গেও কথা বলছে তদন্তসংশ্লিষ্টরা।