বিদ্যুৎ বিভাগ এর নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মিরানা মাহরুখ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব থেকে তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগের বর্তমান সচিব ফারজানা মমতাজকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে দায়িত্ব পালন করা মিরানা মাহরুখকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে তার বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি ২০২৪ সালের ৬ অক্টোবর বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
মিরানা মাহরুখ বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে অস্ট্রেলিয়ার Victoria University থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কাজের অভিজ্ঞতা থাকায় বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে তার নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।