ভালুকায় পিকআপসহ তিন গরু ছিনতাই

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৫:৫২ পিএম
ভালুকায় পিকআপসহ তিন গরু ছিনতাই

ভালুকায় গরুবোঝাই একটি পিকআপ ভ্যানসহ তিনটি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) রাত ১টার দিকে উপজেলার হাজিরবাজার এলাকার জিঞ্জিরার মাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, আমরা গাড়ীতে ড্রাইভারসহ তিনজন লোক ছিলাম। ৩টি গরু বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। আমাদের গাড়ীর পিছনে সাদা রঙের একটি পিকআপ আসছিল। মহাসড়কের হাজির বাজার এলাকায় পিছনের পিকআপটি সামনে এসে গতিরোধ করে। ৭ থেকে ৮ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ও রড নিয়ে আমাদের উপর হামলা চালায়। গাড়ির কাঁচ ভেঙে চালক সাইফুল ইসলামকে জোরপূর্বক তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে আমাদের চোখ কালো কাপড় দিয়ে বেধে মারধর শুরু করে। আমাদের পিকআপের হেলপার সাগর কোনোভাবে পালিয়ে যায় এবং থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ছিনতাইকারীরা গাড়ীসহ ৩টি গরু নিয়ে পালিয়ে যায়।

অপর গরু ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, তারা সোমবার হালুয়াঘাট উপজেলার মুন্সিহাট বাজার থেকে তিনটি গরু কিনে রাত ৯টার দিকে পিকআপে করে ঢাকার দক্ষিণখানের উদ্দেশে পাঠান। গরুগুলোর মধ্যে লাল, কালো ও কাজলা রঙের বড় আকারের তিনটি গরু ছিল, যার মোট মূল্য ৬ লাখ ১৬ হাজার টাকা। তিনি আরও জানান, রাত ১টার দিকে হাজিরবাজার এলাকায় পৌঁছালে গরুসহ পিকআপটি ছিনতাই হয়। পরে থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে তা গ্রহণে বিলম্ব হলেও মঙ্গলবার দুপুর ১টার দিকে অভিযোগটি এজহার হিসেবে গ্রহণ করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এক গাড়ি আরেক গাড়িকে চাপ দিয়ে তিনটা গরু নিয়ে গেছে। লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ অভিযান চালাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে