আমাদের দেশে ঋণ নেওয়ার পর তা পরিশোধ না করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। এই ধরনের মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিআরডিবি যাতে আরও সুসংগঠিত হতে পারে, সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
(মঙ্গলবার) টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ৩৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান এসব কথা বলেন।
বাসাইল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো: ইউসুফ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা এবং বিআরডিবি টাঙ্গাইলের উপপরিচালক আবদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্ষিক সাধারণ সভায় বিআরডিবির চেয়ারম্যান মো: ইউসুফ আলী খান বিগত বছরের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের পর্যালোচনা, বার্ষিক আর্থিক হিসাব-নিকাশ উপস্থাপন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসাইল উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ নূরুল ইসলাম। সভায় স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ ও সমিতির বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।