নাটোরের লালপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার পালিদেহা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মাহামুদ হাসান সোনা মনি (৪০), মৃত আব্দুল হামিদের ছেলে কাজল (৪০), রাজশাহীর বাঘা উপজেলার হিলালপুর (মহদীপুর) এলাকার নুর মোহাম্মদের ছেলে সামাদ মোল্লা (৪৭) এবং লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের আহসান আলীর ছেলে মনিরুজ্জামান (৩৯)।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা এলাকায় আক্কাস মেম্বারের বাড়ির নিকটে অভিযান পরিচালনা করেন। এসময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের দেহ ও গাড়ি তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ছয়টি মোবাইল ফোন এবং ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার মাহামুদ হাসান সোনা মনি হত্যা ও চাঁদাবাজিসহ ২৪টি মামলার এজাহারভুক্ত আসামি এবং সামাদ মোল্লা ১৪টি মামলার আসামি। অভিযানের সময় অজ্ঞাতনামা আরও একজন দৌড়ে পালিয়ে যায়।
এদিকে, রাতে লালপুর থানায় থাকা অবস্থায় মাহামুদ হাসান সোনা মনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।
ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লালপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।