জনবান্ধব অটোমেটে ভূমি ব্যবস্থাপনা-সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে ৩ দিন দিনব্যাপি ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে ভূমি সেবা প্রদানের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১৯ মে সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান। এতে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ, উপজেলা খাদ্য কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা মৎস কর্মকর্তা মো. সাজু চৌধুরী, তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম, উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু, ভূমি অফিসের কানুনগো রিয়াজ মাহমুদ, সার্ভেয়ার আব্দুল মালেক, সার্টিফিকেট সহকারী ইমরুল কাশেম ইমনসহ সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এরআগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য ভূমিসেবা বিষয়ক একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মেলায় স্থাপিত বিভিন্ন স্টল থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, জমাখারিজ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং ই-পর্চা ডাউনলোডসহ ভূমি মন্ত্রণালয়ের সব ধরনের ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।
এছাড়া ঘরে বসে http://land.gov.bd পোর্টাল ও ‘ভূমি’ অ্যাপ ব্যবহার করে কিভাবে সহজে সেবা নেওয়া যায়, স্টলে রাখা লিফলেট ও নির্দেশনার মাধ্যমে তা হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে।
এসময় সহকারী কমিশনার (ভূমি)’র অতিরিক্তি দায়িত্বরত ইউএনও নাঈমা খান তাঁর বক্তব্যে বলেন, ‘ভূমিসেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এই মেলার আয়োজন। মানুষ যাতে কোনো রকম হয়রানি ছাড়া, অত্যন্ত দ্রুত ও স্বচ্ছভাবে ভূমি সংক্রান্ত সেবা পায়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিন দিনব্যাপি আয়োজিত এই মেলায় প্রথম দিনেই কৃষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলাটি আগামী ৩ দিন পর্যন্ত সর্বসাধারণের সেবা গ্রহণের জন্য উন্মুক্ত থাকবে। ই/তা