পটুয়াখালীতে বগা সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে সড়ক ও সেতু এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আউয়াল বলেছেন, দেশের উন্নয়নে স্থলপথ ও নৌপথ-দুই ব্যবস্থাই সমান গুরুত্বপূর্ণ। নৌপথ অব্যাহত রেখেই সেতুর মাধ্যমে স্থল যোগাযোগ সম্প্রসারণ করা হবে, যাতে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে।
মঙ্গলবার দুপুর ২টায় পটুয়াখালীর বাউফল উপজেলার লোহালিয়া নদীর উপর নির্মাণাধীন ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে দুমকি উপজেলার চর গরবদী দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “এটাই আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। নির্বাচিত সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। আমরা আশা করছি দ্রুত এই সেতুর বাস্তবায়ন হবে।”
এ সময় তিনি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছোট্ট আবিরার প্রশংসা করে বলেন, “আবিরের নিষ্পাপ চিঠি প্রধানমন্ত্রীকে মুগ্ধ করেছে। ছোট্ট আবিরাও সেতু নিয়ে ভাবছে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে।”
এর আগে চলতি মাসের ৮ মে পটুয়াখালীর বাউফল উপজেলার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবিরা প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির কাছে একটি চিঠি লেখে। চিঠিটি পাওয়ার পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এমপি, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এবং সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান।