রংপুরে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৮:১৪ পিএম
রংপুরে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’’-এই প্রতিপাদ্যে রংপুরে ভূমিসেবা মেলা, ২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯শে মে) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। ভূমি অধিদপ্তরের সহযোগিতায় রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন যৌথ উদ্যোগে এই সভা আয়োজন করে। 

সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ভূমি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ সেবাখাত, যেখানে সহকারী কমিশনার (ভূমি) প্রধান ভূমিকা পালন করেন। এই ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও জনবান্ধব করতে তাঁদের নিয়মিত মনিটরিং জোরদার করা জরুরি। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ভূমি-সংক্রান্ত কাজ সম্পর্কে সচেতন হয়ে আইন অনুযায়ী তা বুঝে নিতে হবে। কোনো অস্পষ্টতা থাকলে একজন সচেতন নাগরিক হিসাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিতে হবে। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে তিনি  প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসচেতনতামূলক সভার পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা মেলা, ২০২৬-এর উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। উদ্বোধনের শেষে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।  

উল্লেখ্য, ১৯শে মে হতে ২১শে মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলায় ০৪টি স্টল স্থান পেয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে