দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদী সেচ প্রকল্প এলাকায় ব্রি ধান-৮৮ এর শস্যকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে প্রকল্পভুক্ত কৃষক ও পানি ব্যবস্থাপনা দলের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উপপ্রধান সম্প্রসারণ অফিসার ও কোর্স কোঅর্ডিনেটর মো. রফিউল বারি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপাউবো রংপুর অঞ্চলের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পানি উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুরজামান নয়ন, বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম এবং ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান। এছাড়াও প্রকল্পভুক্ত পানি ব্যবস্থাপনা দল (ডগএ)-এর সদস্য ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে ব্রি ধান-৮৮ এর উৎপাদন, আধুনিক সেচ ব্যবস্থাপনা এবং কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, সঠিক সেচ ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের ফলে হেক্টরপ্রতি ৬ দশমিক ৭ টন ধান উৎপাদন হয়েছে, যা কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
প্রধান অতিথি কর্মকর্তা অমলেশ চন্দ্র রায় বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও সমন্বিত পানি ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন আরও বৃদ্ধি সম্ভব। এ ধরনের মাঠ দিবস কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করবে এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।