নাটোরের সিংড়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে দিনব্যাপি কর্মশালা হয়েছে। মঙ্গলবার সিংড়া পৌরসভা কন্ফারেন্স হলরুমে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। কর্মশালায় বক্তারা পরিবেশবান্ধব আধুনিক পৌরসভার গড়ার তাগিদ দেন।
কর্মশালার টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আরইউটিডিপি শীর্ষক প্রকল্পের নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান। তিনি জানান, সিংড়া পৌরসভায় অবকাঠামো উন্নয়নে একশ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নাধীন “রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু উন্নয়ন নগর অবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে। সিংড়া পৌরসভা ছাড়াও দেশের ৮১ টি পৌরসভা ও ছয়টি সিটি কর্পোরেশনে একই প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে বলেও জানানো হয়।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, সিংড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, অ্যাডভোকেট রোকনুজ্জামান, পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক হারুন-অর-রশিদ, সামাজিক বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফি, শাহাদত হোসেন মিন্টু প্রমূখ।