কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে আলু চাষের আধুনিক কলাকৌশল ও অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় তিলকপুর বাজারে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।
কর্মশালায় স্থানীয় কৃষকদের আলু চাষের আধুনিক প্রযুক্তি, রোগবালাই দমন ও অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের বগুড়া রিজিওনাল সেলস ম্যানেজার মানিক রাহা। জয়পুরহাট জেলার টেরিটোরি সেলস অফিসার আসাদুজ্জামান খান-এর সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের ডিলার মো. মাহফুজ আহমেদ।
প্রশিক্ষণে বক্তারা বলেন, গুণগত মানসম্পন্ন বীজ আলু ব্যবহারের মাধ্যমে আলুর ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। তারা আধুনিক চাষাবাদ পদ্ধতির অংশ হিসেবে মাটি নির্বাচন, মাটির পিএইচ পরীক্ষা ও নিয়ন্ত্রণ, জমি শোধন এবং নির্ধারিত দূরত্ব বজায় রেখে বীজ রোপণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া মাটির গুণাগুণ অনুযায়ী সারের সঠিক ব্যবহার ও সময়মতো সেচ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা অনুসরণের মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে অধিক লাভবান হওয়ার পরামর্শ দেন প্রশিক্ষকরা।
কর্মশালার দ্বিতীয় অধিবেশনে আলুর মড়ক বা ‘লেইট ব্লাইট’ রোগ, রাইজোকটোনিয়া, স্ক্যাব ও কাণ্ডপচা রোগের আধুনিক প্রতিকার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে ভাইরাসজনিত রোগ নিয়ন্ত্রণে জাব পোকা (এফিড) দমনে রাসায়নিক ও ম্যানুয়াল পদ্ধতির ব্যবহার হাতে-কলমে দেখানো হয়।
আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক সিড জানায়, দেশব্যাপী কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে আলু চাষে ঝুঁকি কমার পাশাপাশি টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।