“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বীরগঞ্জ উপজেলা স্টেশন অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন লিডার মো. হারুনুর রশিদসহ ফায়ার সার্ভিসের মোট ২৭ জন কর্মকর্তা ও সদস্য।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়।পরে ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি স্টেশন অফিস এলাকা প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র্যালিতে অগ্নি নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষকে ধারণা দেন।
প্রধান অতিথি সুমা খাতুন বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি জনগণকে অগ্নি দুর্ঘটনা এড়াতে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।