রাত ৩টায় লাইনচ্যুত

৪ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ মে, ২০২৬, ১১:১৬ এএম
৪ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে দীর্ঘ চার ঘণ্টা বন্ধ ছিল খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ। বৃহস্পতিবার (২১ মে) ভোরে ঘটনাটি ঘটে এবং পরে উদ্ধারকারী দল পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী মালবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় সেই রুটের সব ধরনের ট্রেন চলাচল।

খবর পেয়ে সকাল ৭টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শেষ করে। সকাল ৮টা নাগাদ ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেন স্টেশন মাস্টার।

ঘটনাস্থল কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকা। এই রুটে খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকার ট্রেন চলাচল করে। ফলে লাইনচ্যুতির ঘটনায় বিস্তীর্ণ এলাকার রেল যোগাযোগ একবারে থমকে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে